
ঝাড়গ্রাম, ১৪ মে (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এবার বিশেষ নজর কাড়লেন জঙ্গলমহলের দুই জনপ্রতিনিধি। নিজেদের মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে ভিন্ন ভাষায় শপথ বাক্য পাঠ করলেন ঝাড়গ্রাম জেলার দুই বিধায়ক। তাঁদের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলের সাধারণ মানুষ।
গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজেশ মাহাতো এদিন কুড়মালি ভাষায় শপথ বাক্য পাঠ করেন। বিধানসভার অধিবেশনে নিজের মাতৃভাষায় শপথ নিয়ে কুড়মালি সংস্কৃতি ও মাটিকে অনন্য মর্যাদা দিয়েছেন তিনি, যা দেখে উচ্ছ্বসিত জঙ্গলমহলের কুড়মি সমাজ। অন্যদিকে, ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষীকান্ত সাউ সংস্কৃত ভাষায় শপথ বাক্য পাঠ করে সকলকে চমকে দেন। তাঁর স্পষ্ট উচ্চারণ এবং ধ্রুপদী ভাষায় শপথ গ্রহণ বিধানসভায় উপস্থিত অন্যান্য সদস্যদের মধ্যেও বিশেষ আগ্রহ তৈরি করে।
এলাকার মানুষের মতে, নিজের ভাষা ও সংস্কৃতিকে বিধানসভার মতো সর্বোচ্চ মঞ্চে তুলে ধরার মধ্য দিয়ে এই দুই বিধায়ক জঙ্গলমহলের ঐতিহ্যকেই সামনে নিয়ে এসেছেন। জঙ্গলমহলের পরিচিতি ও সংস্কৃতি রক্ষার এই লড়াই আগামী দিনে আরও মজবুত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। দুই বিধায়কের এই বিশেষ উদ্যোগকে জঙ্গলমহলের সংস্কৃতি ও ঐতিহ্যের মর্যাদা বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক ও সামাজিক মহল।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো