লেফুঙ্গা বাজার উন্নয়ন প্রকল্পে গতি বাড়াতে নির্দেশ, পরিদর্শনে গিয়ে মন্ত্রী ও সিইএমের মতবিনিময়
আগরতলা, ১৪ মে (হি.স.) : পশ্চিম ত্রিপুরার লেফুঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘিরে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পরিদর্শন ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ এবং টিটিএএডিসির নবনির্বাচিত মুখ
লেফুঙ্গা বাজার পরিদর্শন


আগরতলা, ১৪ মে (হি.স.) : পশ্চিম ত্রিপুরার লেফুঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘিরে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পরিদর্শন ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ এবং টিটিএএডিসির নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা।

পরিদর্শনকালে তাঁরা লেফুঙ্গা বাজারে নির্মীয়মাণ মডেল মার্কেটের কাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাজার এলাকার সার্বিক পরিকাঠামো উন্নয়ন, আধুনিকীকরণ এবং জনসেবামূলক সুবিধা বৃদ্ধির বিষয়েও খোঁজখবর নেন তাঁরা।

মন্ত্রী রতন লাল নাথ জানান, লেফুঙ্গা বাজারকে আধুনিক ও সুসজ্জিত মডেল বাজারে রূপান্তরের লক্ষ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ওপেন জিম, ইনডোর খেলার সুবিধা এবং বাজার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি গামছা কোবরা বাজারকে আধুনিকীকরণের উদ্যোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় যুবসমাজ ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন।

তিনি আরও বলেন, রাজ্য সরকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং টিটিএএডিসি ও নন-টিটিএএডিসি এলাকায় সমানভাবে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। লেফুঙ্গা এলাকাকে একটি মডেল উন্নয়ন অঞ্চলে পরিণত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে, টিটিএএডিসির নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা এই পরিদর্শনকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তিনি মন্ত্রী রতন লাল নাথের উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, কৃষি, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে যে কাজ চলছে তা রাজ্যের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি টিটিএএডিসি এলাকায় উন্নয়নের গতি আরও বাড়াতে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন দুই নেতা। এলাকাবাসী বাজার উন্নয়ন ও অবকাঠামো বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দাবি ও প্রস্তাব উত্থাপন করেন। প্রশাসনের পক্ষ থেকে সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande