
আগরতলা, ১৪ মে (হি.স.) : গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি বাড়িতে ঢুকে পড়ায় বড় দুর্ঘটনা ঘটল আরকে নগর গ্রুপ সেন্টার সংলগ্ন এলাকায়। সৌভাগ্যবশত ঘটনার সময় বাড়ির ভেতরে কেউ না থাকায় প্রাণহানির হাত থেকে রক্ষা পান পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোধজংনগর থানার অন্তর্গত গ্রুপ সেন্টার এলাকায় টিআর০১বি১৬৪৮ নম্বরের একটি লরি রাতের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতবাড়ির ভেতরে ঢুকে পড়ে। প্রচণ্ড গতিতে ঢুকে পড়ার ফলে বাড়ির আশপাশে থাকা একাধিক সুপারি গাছ ভেঙে যায় এবং সরাসরি ঘরের দেয়ালে ধাক্কা দেয় লরিটি। এতে বাড়িটির একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়।
ঘটনায় স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় লরির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
এলাকাবাসীরা তৎপরতার সঙ্গে লরির চালককে আটক করে বোধজংনগর থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লরিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ঘটনার বিস্তারিত বর্ণনা দেন এবং প্রশাসনের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। তাঁর দাবি, ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দ্রুত সহায়তা না পেলে পরিবারটি সমস্যার সম্মুখীন হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ