
কলকাতা, ১৫ মে (হি স)। শাসকদলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিরোধী দলের প্রতি কোনও বৈষম্যমূলক আচরণ করা হবে না। রাজ্যের
সংসদীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার বিধানসভায় এই ইতিবাচক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধ্যক্ষ হিসেবে রথীন্দ্র বোস বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান।
একই সঙ্গে, বিধানসভার সমস্ত কাজকর্মে লাইভ সম্প্রচার, ডিজিটাল ভোটিং পদ্ধতি চালু করা এবং ভবিষ্যতে একটি নতুন বিধানসভা ভবন নির্মাণের মতো বেশ কিছু তাৎপর্যপূর্ণ প্রস্তাবও তুলে ধরেন তিনি। অতীত ভুলে গঠনমূলক বিরোধিতার আহ্বান জানানোর পাশাপাশি, সাংবিধানিক রীতিনীতি মেনে চলার উপরেও বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সরকারের পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিরোধীদের কণ্ঠস্বর যাতে কোনওভাবেই রোধ করা না হয়, সে বিষয়ে মুখ্যমন্ত্রী তাঁর অবস্থান অত্যন্ত জোরালোভাবে এদিন স্পষ্ট করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত