ঝাড়গ্রামে হাতির অস্বাভাবিক মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় ক্ষোভ এলাকায়
ঝাড়গ্রাম, ১৯ মে (হি. স.): ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায় একটি হাতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সকালে একটি মৃত হাতিকে জঙ্গলের ধারে পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জ
হাতির মৃত্যু


ঝাড়গ্রাম, ১৯ মে (হি. স.): ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায় একটি হাতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সকালে একটি মৃত হাতিকে জঙ্গলের ধারে পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। পরে বন দফতরের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

​স্থানীয়দের দাবি, মৃত হাতিটির শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল। এলাকাবাসীর অভিযোগ, আশপাশের কয়েকটি গাছে বেআইনিভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। সেই বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও বন দফতরের পক্ষ থেকে এখনও সরকারিভাবে মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

​ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি পরিদর্শন করেন। বিধায়কের দাবি, বনাঞ্চলে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ করা হবে।

​হাতির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের পরিবেশও তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও বন দফতর এলাকায় সতর্ক নজরদারি চালাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande