তীব্র গরমে নাজেহাল হিমাচল প্রদেশ
শিমলা, ১৯ মে (হি.স.) : সমতলের পর এবার পাহাড়েও বাড়ছে গরমের অস্বস্তি। মে মাসের তীব্র গরমে নাজেহাল হিমাচল প্রদেশ। রাজ্যের নিম্নাঞ্চলের পাশাপাশি শিমলা, মানালি ও কল্পার মতো শীতপ্রধান পাহাড়ি এলাকাতেও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা রেকর্ড হওয
হিমাচলে দাবদাহের দাপট পাহাড়েও, ২১-২২ মে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা


শিমলা, ১৯ মে (হি.স.) : সমতলের পর এবার পাহাড়েও বাড়ছে গরমের অস্বস্তি। মে মাসের তীব্র গরমে নাজেহাল হিমাচল প্রদেশ। রাজ্যের নিম্নাঞ্চলের পাশাপাশি শিমলা, মানালি ও কল্পার মতো শীতপ্রধান পাহাড়ি এলাকাতেও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা রেকর্ড হওয়ায় উদ্বেগ বাড়ছে।

মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র রোদের কারণে গরমের প্রকোপ বাড়তে শুরু করে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সকাল ১০টার মধ্যেই বহু এলাকায় পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। বিশেষ করে উনা, হামিরপুর ও বিলাসপুর জেলায় গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিরমৌর জেলার পাওন্টা সাহিবে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা রাজ্যের মধ্যে সর্বাধিক। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচলের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও গড়ের চেয়ে প্রায় ২.২ ডিগ্রি বেশি থাকায় রাতের গরমও বেড়েছে।

রাজধানী শিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৯ ডিগ্রি বেশি। কল্পায় ১১.৪ ডিগ্রি এবং মানালিতে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা যথাক্রমে স্বাভাবিকের চেয়ে ৪.৩ ও ৪.২ ডিগ্রি বেশি। পাহাড়ি এলাকাগুলিতে এই অস্বাভাবিক উষ্ণতা চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের।

এছাড়াও সুন্দরনগরে ২০.৫ ডিগ্রি, ভুন্টারে ১৭ ডিগ্রি, ধর্মশালায় ১৮.২ ডিগ্রি, উনায় ২১.৪ ডিগ্রি, নাহানে ২০.১ ডিগ্রি, কেলংয়ে ৭.৩ ডিগ্রি, পালমপুরে ২২.৫ ডিগ্রি, সোলানে ১৭.৪ ডিগ্রি, কাংড়ায় ২১.৪ ডিগ্রি, মান্ডিতে ২১.১ ডিগ্রি, বিলাসপুরে ২২.৫ ডিগ্রি, চম্বায় ১৮.৭ ডিগ্রি, জুব্বারহাট্টিতে ২৩.৪ ডিগ্রি, কুকুমসেরিতে ৬.১ ডিগ্রি, সেওবাগে ১৫ ডিগ্রি, বরঠিনে ১৮.৯ ডিগ্রি, পাওন্টা সাহিবে ২৫ ডিগ্রি, সারাহানে ১২.২ ডিগ্রি, দেহরা গোপীপুরে ২৩ ডিগ্রি, তাবোতে ১০.২ ডিগ্রি এবং নেরিতে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৫ মে পর্যন্ত রাজ্যের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ ও ২০ মে আবহাওয়া মূলত পরিষ্কার থাকলেও বিচ্ছিন্ন কিছু এলাকায় সামান্য পরিবর্তন দেখা যেতে পারে।

এদিকে ২১ ও ২২ মে চম্বা, কাংড়া, কুল্লু ও মান্ডি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও ২৩ থেকে ২৫ মে পর্যন্ত রাজ্যের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande