
শ্রীনগর, ১৯ মে ( হি.স.)। ফের আবহাওয়ায় বদল ঘটতে চলেছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত সমগ্র জম্মু ও কাশ্মীরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীরের বেশ কিছু অঞ্চলে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বিশেষত দুপুর ও সন্ধ্যার সময় বহু জায়গায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। তবে কয়েকটা অঞ্চলে শুষ্ক আবহাওয়ার কারণে বাড়তে পারে গরম।
এদিন আবহাওয়া দফতর আরও জানায়, শুক্র থেকে রবিবার পর্যন্ত সকালের দিকে আবহাওয়া শুষ্ক থাকলেও দুপুরের দিকে বিচ্ছিন্ন কিছু এলাকায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা । পরের সপ্তাহের ২৬ থেকে ২৮ মে পর্যন্ত ফের শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত হতে পারে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক