
গুয়াহাটি, ২১ মে (হি.স.) : বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো অসম বিধানসভার অধ্যক্ষের আসনে বসলেন প্রবীণ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তথা ভবানীপুর-সরভোগ আসনের বিধায়ক রঞ্জিতকুমার দাস।
আজ বৃহস্পতিবার ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশনে প্রোটেম স্পিকার হিসেবে অধ্যক্ষের আসনে বসে প্রাথমিক কার্যক্রম পরিচালনা করেন প্রবীণ বিধায়ক প্রাক্তন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। ‘বন্দে মাতরম্’ জাতীয় রাষ্ট্রগীতের মাধ্যমে শুরু হয় আজকের অধিবেশন। অধিবেশনের প্রথমে মুখ্যমন্ত্রী সহ ১২৬ জন বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
আজ থেকে শুরু হয়েছে ষোড়শ অসম বিধানসভার অধিবেশন। ২১ মে ২০২৬ থেকে ২৬ মে পর্যন্ত চলবে এই অধিবেশন।
প্রথমে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা শপথ গ্রহণ করেন। এরপর চারজন মন্ত্রিসভার সদস্য শপথ নেন। তারপর বিজেপি, কংগ্রেস, তৃণমূল সহ বিভিন্ন দলের বিধায়কেরা শপথ গ্রহণ করেন।
উল্লেখযোগ্য যে, এই সকল বিধায়ককে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার চন্দ্রমোহন পাটোয়ারী। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে ষোড়শ অসম বিধানসভার পূর্ণকালীন অধ্যক্ষের নাম ঘোষণা করেন।
এবার অসম বিধানসভার পূর্ণকালীন অধ্যক্ষ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রবীণ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এরপর চন্দ্রমোহন পাটোয়ারী প্রোটেম স্পিকারের আসন ত্যাগ করে নতুন অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের হাতে অধিবেশনের পরবর্তী কার্যক্রম পরিচালনার দায়িত্ব তুলে দেন।
উল্লেখ করা প্রয়োজন যে, রঞ্জিত কুমার দাস এর আগেও অসম বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সরকারের আমলে অধ্যক্ষ হিসেবে কাজ করেছিলেন। সেই সময় তিনি ২ জুন ২০১৬ থেকে ২৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত অসম বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
এদিকে, আজই বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন ওয়াজেদ আলি চৌধুরী। কংগ্রেস হাইকমান্ডের অনুমোদনের ভিত্তিতে পাঁচবারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী চৌধুরীকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করে কংগ্রেস বিধায়ক দল।
ষোড়শ অসম বিধানসভার প্রথম দিনে বিরোধী দলনেতা না থাকায়, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে কংগ্রেসের ভিতরে জোর তৎপরতা লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস