
মালদা, ২১ মে (হি.স.): মহানন্দায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট এলাকায়। পুলিশ জানিয়েছে, এলাকার দুই কিশোর অর্পণ সরকার এবং বাসুদেব হালদার নদীতে স্নান করতে নামে। এর পরেই দু’জনে তলিয়ে যায়। স্থানীয়েরা তাদের খোঁজে তল্লাশি চালালেও হদিস মেলেনি। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
নিখোঁজ দুই নাবালকের নাম অর্পণ সরকার (১০) এবং দেব হালদার (৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্পণ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির বাসিন্দা। সে বাঁশহাটে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। অপর নাবালক স্থানীয় বাসিন্দা। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বেশ কয়েকজন সঙ্গীর সঙ্গে তারা মহানন্দা নদীতে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় আচমকাই নদীর গভীর স্রোতে তলিয়ে যায় ওই দুই নাবালক। অন্য সঙ্গীদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরবর্তীতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখনও পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ