পানিসাগরে ট্রেন স্টপেজ ও ফুটওভার ব্রিজের দাবিতে গণআন্দোলন
পানিসাগর (ত্রিপুরা), ২১ মে (হি.স.) : যাত্রীবাহী শিলচরগামী ট্রেনের নিয়মিত স্টপেজ চালু করা এবং পানিসাগর রেল স্টেশনে অবিলম্বে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার ব্যাপক গণআন্দোলনে সামিল হন এলাকার সাধারণ মানুষ। সকাল থেকেই পানিসাগর রেল স্টে
পানিসাগর স্টেশনে বিক্ষোভ


পানিসাগর (ত্রিপুরা), ২১ মে (হি.স.) : যাত্রীবাহী শিলচরগামী ট্রেনের নিয়মিত স্টপেজ চালু করা এবং পানিসাগর রেল স্টেশনে অবিলম্বে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার ব্যাপক গণআন্দোলনে সামিল হন এলাকার সাধারণ মানুষ। সকাল থেকেই পানিসাগর রেল স্টেশন চত্বরে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নিত্যযাত্রী, ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকে কেন্দ্র করে গোটা স্টেশন এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানিসাগরবাসী রেল কর্তৃপক্ষের কাছে এই দুই গুরুত্বপূর্ণ দাবি জানিয়ে আসছেন। একাধিকবার স্মারকলিপি প্রদান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের দাবি, শিলচরগামী ট্রেনের নিয়মিত স্টপেজ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী, ছাত্রছাত্রী এবং চিকিৎসার জন্য বাইরে যাতায়াতকারী রোগীরা। অনেক সময় জরুরি প্রয়োজনে যাত্রীদের দূরের স্টেশন থেকে ট্রেন ধরতে বাধ্য হতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

অন্যদিকে পানিসাগর রেল স্টেশনে ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, নারী ও স্কুল-কলেজ পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তাঁরা।

আন্দোলনের জেরে স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, টিএসআর জওয়ান এবং রেল পুলিশ। নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

এই বিষয়ে ধর্মনগর রেলওয়ে বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর জানান, আন্দোলনকারীদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা। এদিন বিক্ষোভকারীরা শিলচরগামী ট্রেন আটকে রেখে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন, যার ফলে কিছু সময়ের জন্য রেল চলাচলেও প্রভাব পড়ে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande