
কোচবিহার, ২৫ মে (হি.স.): রবিবার গভীর রাতে কোচবিহারের মাথাভাঙার শীতলকুচি ব্লকের গোসাইহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি তথা দলের জেলা কমিটির সদস্য পবিত্র বর্মনকে মারধর এবং তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় পবিত্র বর্মন বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে পবিত্র বর্মন তাঁর কয়েকজন সহকর্মী ও দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে একটি চারচাকা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সেসময় গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায় কিছু দুষ্কৃতী আচমকাই তাঁদের গাড়িটি আটকায়। অভিযোগ, গাড়ি থেকে নামিয়ে পবিত্র বর্মন এবং তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর চড়াও হয় হামলাকারীরা। মারধরের পর দুষ্কৃতীরা পবিত্র বর্মনের চারচাকা গাড়িটিতে ভাঙচুর চালায় এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিজেপির জেলা নেতৃত্বের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ