
ডায়মন্ড হারবার, ২৫ মে (হি.স.) : রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। এবার ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ৯ জন কাউন্সিলর নিজেদের পদত্যাগপত্র জমা দিলেন। প্রথমে তাঁরা এই পদত্যাগপত্র জমা দিতে মহকুমা শাসকের কাছে গেলেও, মহকুমা শাসক জানান যে নিয়মমাফিক পুরসভার চেয়ারম্যানের কাছেই পদত্যাগপত্র জমা দিতে হবে। সেই মোতাবেক ৮ জন কাউন্সিলর সরাসরি পুরসভার চেয়ারম্যান প্রণব দাসের সাথে দেখা করে নিজের নিজের পদত্যাগপত্র জমা দেন। অন্য এক কাউন্সিলর সশরীরে উপস্থিত হতে না পারায় সোমবার ইমেলের মাধ্যমে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন।
এদিন সশরীরে উপস্থিত হয়ে চেয়ারম্যান প্রণব দাসের কাছে ইস্তফাপত্র জমা দেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু হালদার, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জু মণ্ডল, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তমাল হালদার, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন হালদার, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোক হালদার, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহা, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃদুল হালদার এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবকী হালদার। তাঁদের সকলেরই দাবি, ডায়মন্ড হারবার পুরসভার দুর্নীতি রুখতে এবং এলাকার উন্নয়নের স্বার্থেই তাঁরা এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগী কাউন্সিলরদের অভিযোগ, দিনের পর দিন পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস ক্ষমতার অপব্যবহার ও চরম দুর্নীতি করেছেন। পাশাপাশি অন্যান্য কাউন্সিলরদের ওপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে। কেউ দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে লোকজন দিয়ে তুলে নিয়ে গিয়ে মারধর করা এবং পুলিশকে দিয়ে নানাভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে ওই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। কাউন্সিলরদের দাবি, পুরসভার ৪০০ কোটি টাকার প্রোজেক্টের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁদের নানাভাবে অত্যাচার ও হেনস্থার শিকার হতে হয়েছিল। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার ডাক দেওয়ায়, সেই ডাকে সাড়া দিয়ে এবং এলাকার মানুষের স্বার্থে তাঁরা এই ইস্তফা পেশ করলেন।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা