
কলকাতা, ২৬ মে (হি.স.): ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের রক্ষাকবচ তুলে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। হাই কোর্টের পর্যবেক্ষণ, যে পুনর্নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য রক্ষাকবচ দেওয়া হয়েছিল, তা সমাপ্ত হয়েছে। জাহাঙ্গিরের বিরুদ্ধে যে এফআইআর আছে, তা গুরুতর। এই পরিস্থিতিতে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। সে ক্ষেত্রে জাহাঙ্গিরের সামনে আগাম জামিনের আর্জি জানানোর পথও খোলা থাকছে। কিন্তু, রক্ষাকবচের প্রয়োজনীয়তা নেই বলেই আদালত মনে করেছে।
উল্লেখ্য, গত রবিবার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মেয়াদ ছিল জাহাঙ্গিরের রক্ষাকবচের। সেই মেয়াদ বাড়ানোর আর্জি জানানো হয়েছিল আদালতে। কিন্তু প্রার্থী হিসেবে যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল, সেটা কেন এখনও থাকবে, এদিন প্রশ্ন ওঠে হাই কোর্টে। মঙ্গলবার বিচারপতি পার্থ সারথি সেনের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ নতুন করে আর তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়ায়নি৷
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ