
কলকাতা, ২৮ মে (হি.স.): বাঁশদ্রোণী এলাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়া আয়ুষ কুমার নাথের মৃত্যুর ঘটনায় আবারও বিক্ষোভ দেখালেন ওই স্কুলের অভিভাবকরা। মঙ্গলবারের পরে ফের বৃহস্পতিবার স্কুলের সামনের রাস্তা এনএসসি বোস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এ দিন তাঁরা রাস্তায় অবরোধ শুরু করেন। অভিভাবকদের অভিযোগ, আয়ুষের মৃত্যু হয়েছে স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে। স্কুলের অধ্যক্ষ-সহ দোষীদের এখনও গ্রেফতার করা হয়নি। তাঁদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। স্কুলের প্রশাসনে যাঁরা আছেন, তাঁদের সবাইকে বদলাতে হবে। এ দিন অবরোধ তুলতে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও স্কুলের সামনে আসে। তবে, এ দিন সন্ধ্যা পর্যন্ত অবরোধ ওঠেনি বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ