
হুগলি , ২৮ মে (হি.স.) : হুগলি জেলার খানাকুল বিধানসভা এলাকায় রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। বৃহস্পতিবার সকাল থেকে বিধায়কের উদ্যোগে বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র পৌঁছে দেওয়া হয়। এই কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকরাও অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু সাধারণ মানুষ এখনও এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নন। সেই কারণে যাতে কোনও যোগ্য পরিবার সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়, তার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিধায়ক নিজেও কয়েকটি এলাকায় উপস্থিত থেকে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ফর্ম পূরণের নিয়ম সম্পর্কে সচেতন করেন।
এদিন সুশান্ত ঘোষ বলেন, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। তিনি জানান, “সাধারণ মানুষের পাশে থেকেই কাজ করতে চাই। কেউ যেন তথ্যের অভাবে সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।”
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বহু বাসিন্দা। তাঁদের মতে, বাড়িতে বসেই ফর্ম পাওয়ায় ভোগান্তি অনেকটাই কমে যাবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA