
কলকাতা, ২৯ মে (হি.স.) : পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সস্ত্রীক পুজো দিলেন দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে। শুক্রবার তিনি সপরিবারে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি পুরসভা এলাকার দক্ষিণেশ্বরে পৌঁছান। সেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি পুজো পাঠ পর্বে অংশ নেন। ভবতারিণী মায়ের মূল মন্দিরে নিয়ম বিধি মেনেই পুজো দেন রাজ্যপাল ও তাঁর জায়া।
উল্লেখ্য, পুজো দেওয়ার পর সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে রাজ্যপাল জানান, রাজ্যপাল রবি তাঁর সহধর্মিণী শ্রীমতী লক্ষ্মী রবির সাথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী দর্শন করেন এবং পুজো দেন। তিনি মা কালীর কাছে পশ্চিমবঙ্গের জনগণের মঙ্গল এবং রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ অগ্রগতির জন্য প্রার্থনা করেন।
প্রসঙ্গত, এর আগেও রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরে গিয়েছিলেন। সেখানেও তিনি সস্ত্রীক পুজো দিয়েছিলেন। সে সময় এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছিলেন, বাংলার মানুষের সার্বিক কল্যাণের কামনায় পুজো দিতেই তিনি মন্দিরে এসেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত