সাংবাদিকদের গতিবিধিতে লাগাম, বিধানসভায় নতুন ফরমানে তুঙ্গে ক্ষোভ
কলকাতা, ৩০ মে (হি.স.): পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় জারি হলো নতুন ফরমান। রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার বিধানসভার সচিবালয়ের তরফেও সাংবাদিকদের গতিবিধিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। নিত্যনৈমিত্তিক খবর সংগ্রহ ও প্রচার মাধ্যমের প্রতিনিধিদের স্বাভাবিক কাজক
বিধানসভা সচিবালয়ের তরফে বিঞ্জপ্তি, ফাইল ছবি


কলকাতা, ৩০ মে (হি.স.): পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় জারি হলো নতুন ফরমান। রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার বিধানসভার সচিবালয়ের তরফেও সাংবাদিকদের গতিবিধিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। নিত্যনৈমিত্তিক খবর সংগ্রহ ও প্রচার মাধ্যমের প্রতিনিধিদের স্বাভাবিক কাজকর্মে এই হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতেই বিধানসভা চত্বরে তীব্র শোরগোল ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে এই খবর প্রকাশ্যে আসে।

​যদিও গত ২৫ মে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপ-সচিব রাজীব দাস। নির্দেশিকা নম্বর— ৫৮০ এল এ/ এস্টাব্লিশমেন্ট (580 LA/Establishment)। ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট (পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়) প্রচারিত সংশ্লিষ্ট নির্দেশনামা অনুসারে জানানো হয়েছে— বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসের ঘোষণা অনুযায়ী, সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের এখন থেকে বিধানসভার অভ্যন্তরে নির্দিষ্ট ‘প্রেস কর্নারেই’ অবস্থান করতে হবে। রোজকার খবরের কাজের জন্য বিধানসভা ভবনের ভেতরে যেখানে-সেখানে বা ইতিউতি ঘোরাফেরা করা যাবে না।

​উল্লেখ্য, অতীতে বিধানসভা চত্বরে সাংবাদিকদের জন্য এমন কোনো বিধিনিষেধ ছিল না। তাঁরা লবিসহ বিভিন্ন অংশে স্বাধীনভাবেই খবরের প্রয়োজনে ঘোরাফেরা করতে পারতেন। বর্তমান সরকারের আমলে সেই স্বাধীনতায় লাগাম টানা হলো বলে অভিযোগ। শুধু তাই নয়, নতুন নির্দেশিকা অনুযায়ী, অধ্যক্ষের অনুমতি নিয়ে সম্মানীয় ব্যক্তি বা মন্ত্রী-বিধায়করা প্রেস ব্রিফিং বা প্রেস কনফারেন্সের জন্য বরাদ্দ সময়ে শুধুমাত্র প্রেস কর্নারেই সাংবাদিকদের মুখোমুখি হবেন। এর একমাত্র ব্যতিক্রম— বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিনের অনুষ্ঠান বা অন্যান্য বিশেষ সরকারি কর্মসূচির সময়ে বিধানসভার লোয়ার লবিতে সাংবাদিকদের প্রবেশ করার সুযোগ থাকছে। বিধানসভা সচিবালয়ের এই নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাংবাদিক মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande