
কলকাতা, ৩০ মে (হি.স.): বিধানসভার অভ্যন্তরে খবরের প্রয়োজনে সাংবাদিকদের স্বাভাবিক চলাফেরা ও সংবাদ সংগ্রহের ক্ষেত্রে রাজ্য সরকারের নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শনিবার এক বিবৃতিতে এই নির্দেশিকাকে ‘অগণতান্ত্রিক’ বলে আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের জোরদার দাবি জানিয়েছেন।উল্লেখ্য, বিধানসভার সচিবালয়ের তরফে গত ২৫ মে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তির প্রসঙ্গ তুলে চণ্ডীদাসবাবুর অভিযোগ, এর ফলে সাংবাদিকদের অবাধ গতিবিধিতে সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের অধিকার খর্ব করা হচ্ছে। তাঁর বক্তব্য, এতদিন বিধানসভায় বৈধ সাংবাদিক পরিচয়পত্র বা পাস থাকা সংবাদমাধ্যমের প্রতিনিধিরা খবর সংগ্রহের প্রয়োজনে যেকোনো সময় শাসকদল বা বিরোধী পক্ষের বিধায়কদের সঙ্গে সরাসরি দেখা করতে পারতেন। এর ফলে তথ্যের সত্যতা যাচাই ও সময়বিশেষে তা খতিয়ে দেখার যে দীর্ঘকালীন রীতি ছিল, তা এবার বন্ধ হতে চলেছে। সাংবাদিকদের স্বাধীন কাজে বাধা সৃষ্টির মাধ্যমে এক জটিল সমস্যার বাতাবরণ তৈরির চেষ্টা চলছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। সরকারের এই নির্দেশিকার ফলেই সাংবাদিকদের কাজের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে যাচ্ছে।এসইউসিআই(সি)-র দাবি, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের ওপর এ ধরনের বিধিনিষেধ চাপানো সম্পূর্ণ গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী এবং কার্যত সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। দলের পক্ষ থেকে অবিলম্বে এই বিতর্কিত বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। চণ্ডীদাসবাবুর মতে, একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসভা ও সংবাদমাধ্যমের মধ্যে স্বাভাবিক ও অবাধ যোগাযোগ বজায় থাকা অত্যন্ত প্রয়োজন। কিন্তু এই নতুন বিধিনিষেধ সেই স্বাভাবিক প্রক্রিয়াকে পুরোপুরি বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত