
কলকাতা, ২ জুন (হি.স.): কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পিছনের অংশের একটি বন্ধ ঘরে দু’ব্যাগ ভর্তি প্রচুর উই ধরা ছেঁড়া-ফাটা টাকা উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকালে ওই ঘর পরিষ্কার করতে গিয়ে এই টাকা উদ্ধার হয়। অভিযোগ, এই বন্ধ ঘরে কলেজের ইউনিয়ন রুমের জিনিসপত্র মজুত করে রাখা হতো। কলেজ সূত্রে জানা গেছে, এই ঘর বন্ধ ছিল। পুরসভা থেকে এই ঘর পরিষ্কার করার জন্য বলা হয়েছিল। এ দিন পুরসভার সাফাই কর্মীরা তালা ভেঙে এই ঘরে ঢোকার পরেই দু’ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়।
জানা গেছে, গত ৪ তারিখ নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সুরেন্দ্রনাথ কলেজের ওই ইউনিয়ন রুমটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ঘরের চাবিটি কার জিম্মায় ছিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় এবং রহস্যজনকভাবে চাবিটি গায়েব হয়ে যায়। মঙ্গলবার পুরসভার সাফাই কর্মীরা ওই ঘর পরিষ্কার করতে এলে চাবির খোঁজ মেলেনি। অগত্যা কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের কর্মচারীরা মিলে ইউনিয়ন রুমের তালা ভাঙার সিদ্ধান্ত নেন। নোংরা ও আবর্জনায় ভরা ওই ঘরটি খুলতেই পড়ে থাকতে দেখা যায় দুটি ব্যাগ। সেগুলি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে থরে থরে উই ধরা ছেঁড়া-ফাটা টাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ