
কলকাতা, ২ জুন (হি. স. ) :
ঝটিকা সফরে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপির দফতরে জনতার দরবার কর্মসূচি শেষ করে হুগলির তারকেশ্বরে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফিরেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে যান বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুও।
সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। শপথ নিয়েছেন আরও ৩৫ জন মন্ত্রী। তার পরের দিনই দিল্লিতে মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফর তাৎপর্যপূর্ণ। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের জরুরি তলবেই তাঁর এই ঝটিকা সফর। বিকেলে দিল্লিতে গিয়ে জরুরি কর্মসূচি সেরে রাতেই আবার কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।
বিধায়কদের সই-কাণ্ড ঘিরে বর্তমানে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বিরোধী দল তৃণমূলে। বিরোধী দলের টালমাটাল পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার দিল্লিতে যান মুখ্যমন্ত্রী। বিধানসভার স্পিকার রথীন্দ্রকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই ঝটিকা দিল্লি সফর প্রত্যাশিত ভাবেই রাজ্য রাজনীতিতে তথা জনমানসে কৌতূহল বৃদ্ধি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত