
জলপাইগুড়ি, ২১ জুন (হি.স.): ময়নাগুড়ির উল্লাডাবড়ি এলাকায় রবিবার সকালে একটি পথ দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩৯ জনেরও বেশি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি লাগোয়া জাতীয় সড়কে| একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় একটি যাত্রিবাহী বাসের। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ৩৯ জনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়| তার মধ্যে ১৮ জনকে আই. সি. ইউ-তে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১২ জন মহিলা এবং ২ জন শিশু।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দিয়েছিল একটি বাস। ময়নাগুড়ির দোমহানী এবং উল্লাডাবড়ির মাঝামাঝি এলাকায় জাতীয় সড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। প্রাথমিক অনুমান, বাসের গতিবেগ বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। ময়নাগুড়ি থানার আধিকারিক সুবল ঘোষ বলেন, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে সাহায্যের জন্য ছুটে যান| উদ্ধারকাজ শুরু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্ত চলছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ