


ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শ্রীভূমিতে উদযাপিত আন্তর্জাতিক যোগ দিবস
শ্রীভূমি (অসম), ২১ জুন (হি.স.) : সুস্থ সমাজ গঠনে যোগাভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করতে আহ্বান জানিয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আজ রবিবার শ্রীভূমির করিমগঞ্জ ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ, যোগ প্রশিক্ষক, ছাত্রছাত্রী, সরকারি আধিকারিক-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি, পার্বত্য অঞ্চল ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার লিনা দোলে, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন। বক্তারা বলেন, আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপের মধ্যে সুস্থ শরীর ও মন গড়ে তুলতে যোগাভ্যাসের কোনও বিকল্প নেই। নিয়মিত যোগচর্চা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস আজ বিশ্বব্যাপী এক গণ-আন্দোলনে পরিণত হয়েছে। ভারতের প্রাচীন ঐতিহ্য যোগচর্চা এখন বিশ্বের কোটি কোটি মানুষ গ্রহণ করেছেন। তিনি সকলকে প্রতিদিন অন্তত কিছু সময় যোগাভ্যাস করার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ দেহ, সুস্থ ব্যক্তি, সুস্থ পরিবার এবং সুস্থ সমাজ গঠনের অন্যতম ভিত্তি হতে পারে নিয়মিত যোগচর্চা।
এর পর উপস্থিত সকলের অংশগ্রহণে সমবেত যোগাভ্যাস অনুষ্ঠিত হয়। বিভিন্ন যোগাসন ও প্রাণায়ামের প্রদর্শনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। শেষে যোগ প্রশিক্ষকদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সুষ্ঠু আয়োজন, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং বিপুল জনসমাগমে এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শ্রীভূমিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস