
শান্তিপুর, ২২ জুন (হি. স.): বিয়ের চার বছর পরও স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচার থামেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত গৃহবধূর মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূ শিল্পা ঘোষের পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শিল্পার স্বামী সনৎ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গ্রেফতার করা হলেও বাকি অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং পণনিষেধ আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাকে রানাঘাট আদালতে তোলা হয়।ঘটনাস্থল থেকে একটি অ্যাসিডের বোতল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই রাসায়নিক পদার্থটি নির্মাণকাজে ব্যবহৃত কোনও অ্যাসিড হতে পারে। তবে সেটি ঠিক কী ধরনের অ্যাসিড, তা ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়