
কলকাতা, ২২ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নৌসের আলি হলে সোমবার দুপুরে শতাধিক বিজেপি সদস্যকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। মূলত বিধানসভায় সরকার পক্ষের তরফ থেকে আলোচনা সভায় গঠনমূলক অংশগ্রহণ এবং বিরোধীদের মোকাবিলা করার পন্থা-পদ্ধতি নিয়ে এই আলোচনা সভাটি হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বৈঠক।
এদিনের সভায় সংসদীয় গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে বিধানসভার কাজকর্ম সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে ট্রেজারি বেঞ্চের ভূমিকা ও অংশগ্রহণ সম্পর্কেও সদস্যদের অবহিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বিধানসভাতেও প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পাঠ ও উল্লেখ পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং জিরো আওয়ারে যে সমস্ত বিষয় উত্থাপন করা সম্ভব—ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা ও মতবিনিময় করা হয়।
শাসকদলের মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি, পরিষদীয় মন্ত্রী ড. শঙ্কর ঘোষ এবং সেচমন্ত্রী তথা বিধায়ক অরূপ কুমার দাস সভায় প্রথমবার জয়ী বিধায়কদের ক্লাস নেন। এই ক্লাসে অংশ নিয়ে বিধায়কদের সকলেই অত্যন্ত খুশি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত