
দুর্গাপুর, ৩ জুন (হি.স.) : বাড়ির পিছনে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড-সহ বিভিন্ন নথি পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের কাঁকসার দোমড়া গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উত্তম রুইদাস নামে এক তৃণমূল নেতাকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তম রুইদাস ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েত এলাকার দোমড়া গ্রামের বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সরকারি প্রকল্প ও নির্মাণকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে বেআইনি অর্থ আদায় করতেন। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন অভিযোগ সামনে আসতে শুরু করায় তিনি প্রমাণ নষ্টের চেষ্টা করছেন বলেও অভিযোগ ওঠে।
বুধবার স্থানীয় বাসিন্দারা দাবি করেন, উত্তম রুইদাসের বাড়ির পিছনে আগুনে পোড়ানো হচ্ছে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, জব কার্ড, ব্যাঙ্কের পাসবই-সহ বিভিন্ন নথি। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন এবং তাঁর বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপি কর্মী-সমর্থকরাও।
বিজেপির অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের নথি ব্যবহার করে বিপুল পরিমাণ আর্থিক অনিয়ম করা হয়েছে এবং সেই সংক্রান্ত প্রমাণ নষ্ট করতেই নথিগুলিতে আগুন লাগানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা।
উত্তেজনা ছড়িয়ে পড়লে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উত্তম রুইদাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা