
আইজল, ৩ জুন (হি.স.) : মিজোরাম রাজ্যসভা নির্বাচনে ক্ষমতাসীন ‘জোরাম পিপলস মুভমেন্ট’ (জেডপিএম) তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের মুখপাত্র কে লালত্লুয়াংকিমাকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জেডপিএম-এর সহ-সভাপতি সি লালনুন্নেমা।
আজ বুধবার রাজধানী আইজলে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেডপিএম-এর সহ-সভাপতি সি লালনুন্নেমা আগামী ১৮ জুন অনুষ্ঠেয় রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনে নির্বাচনের জন্য লালত্লুয়াংকিমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।
৪০ সদস্যের মিজোরাম বিধানসভায় কংগ্রেসের বিধায়ক মাত্র একজন। তাই কংগ্রেসে এই নির্বাচনে প্রার্থী দেবে কিনা এখনও নিশ্চিত নয়। তবে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র লালরেমরুয়াতা রেন্থলাই জানান, আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী না দেওয়ার সম্ভাবনা বেশি।
প্রসঙ্গত, বর্তমান বিধানসভায় জেডপিএম-এর ২৭ জন বিধায়ক রয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-এর ১০ এবং বিজেপির ২ জন বিধায়ক রয়েছেন। এমএনএফও শীঘ্রই তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বলে জানিয়েছেন দলের এক সূত্র জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস