

াথারকান্দি (অসম), ১৫ জুলাই (হি.স.) : গ্রীষ্মকালীন ছুটিতে রাজ্য সরকারের সাংস্কৃতিক বিভাগের নিৰ্দেশনায় আজ বুধবার থেকে পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইরপোয়া ব্লকের অন্তর্গত শিবেরগুল মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে শুরু হয়েছে সাংস্কৃতিক বিষয়ক ১৫ দিনের কর্মশালা।
শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং পাথারকান্দি চতুরঙ্গের পরিচালনায় শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। এ উপলক্ষ্যে আজ শিবেরগুল মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। পরে আয়োজক সংস্থার পক্ষ থেকে অতিথিদের বরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোউধনী সমবেত সংগীত পরিবেশন করেন শিক্ষক দেবপ্রিয় নাগ, উৎপলা দত্ত এবং রূপমিতা নাথ। স্বাগত বক্তব্য পেশ করেন চতুরঙ্গের সভাপতি সুরজিৎ হোমচৌধুরী।
পরে কর্মশালায় প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বিজেপির লোয়াইরপোয়া ব্লক মণ্ডল সভানেত্রী সেনোলী চৌধুরী, লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস, প্রাক্তন আঞ্চলিক সদস্যার প্রতিনিধি দেবেন্দ্রকুমার সিনহা, সংগীত শিক্ষক দেবপ্রিয় নাগ, শিবুরাম কানু, উৎপলা দত্ত, রূপমিতা দাস, অঙ্কন শিক্ষক প্রদীপ দেবনাথ। তাঁরা এ ধরনের মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক মণ্ডলী সহ রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস