
কলকাতা, ২০ জুলাই (হি. স.) : সোমবার ইডেন গার্ডেন্সে সিএবি-র ‘ভিশন - ২০২৮’ শিবিরে উপস্থিত হয়ে তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুশীলনের ফাঁকে এদিন একে একে প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁদের খেলার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রস্তুতি, মানসিক দৃঢ়তা এবং নিয়মিত পরিশ্রমের গুরুত্বও তুলে ধরেন। সৌরভের উপস্থিতি ও উৎসাহে শিবিরের ক্রিকেটারদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ভিশন ২০২৮’-এর প্রধান এবং ফাস্ট বোলিং কোচ অশোক দিন্দা, স্পিন বোলিং কোচ উৎপল চট্টোপাধ্যায়, বাংলার সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্ল, বাংলার অনূর্ধ্ব-১৬ পুরুষ দলের প্রধান কোচ অনুষ্টুপ মজুমদার-সহ বিভিন্ন বয়সভিত্তিক দলের কোচ ও সাপোর্ট স্টাফেরা।
সিএবি-র ‘ভিশন ২০২৮’ প্রকল্পের মূল লক্ষ্য আগামী দিনের প্রতিভাবান ক্রিকেটারদের সঠিক প্রশিক্ষণ, পরিচর্যা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে গড়ে তোলা। সেই উদ্যোগের অংশ হিসেবে এই শিবিরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে। তাঁর অভিজ্ঞতা, পরামর্শ এবং অনুপ্রেরণা তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন কোচিং স্টাফ ও কর্মকর্তারা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত