
কলকাতা, ১১ আগস্ট (হি.স.) : মেসি কাণ্ডে আরও খানিকটা স্বস্তিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর রক্ষাকবচের মেয়াদ অনেকটা বাড়িয়ে দিল কলকাতা হাই কোর্ট। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মেসি মামলার পরবর্তী শুনানি ১৭ নভেম্বর।
মঙ্গলবার আদালতে মেসি কাণ্ড সম্পর্কিত দু’টি রিপোর্ট পেশ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তিনি জানিয়ে দেন, তদন্তে সবরকমভাবে সহযোগিতা করছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আদালত জানিয়ে দিয়েছে, তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। তদন্ত শেষ হলে চার্জশিটও জমা করা যাবে। তবে ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা যাবে না।
হাই কোর্টের একক বেঞ্চ আগেই রক্ষাকবচ দিয়েছিল তাঁকে। সেই রক্ষাকবচই আপাতত বহাল থাকছে। অরূপের রক্ষাকবচ বাতিলের দাবিতে শতদ্রু দত্তর করা মামলায় এখনই কোনও হস্তক্ষেপ করল না বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত