
কোলাবা, ১৬ আগস্ট (হি.স.): ভারতীয় নৌবাহিনীর এক নাবিক, তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার মহারাষ্ট্রের কোলাবার নেভি নগরে তাঁদের কোয়ার্টার থেকে ৪ জনের দেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে| শিশু দুটির বয়স যথাক্রমে দুই মাস ও তিন বছর। নেভি নগর পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে| ঘটনার তদন্ত শুরু হয়েছে।
রবিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার নেভি নগরে অবস্থিত নেভি কোয়ার্টার থেকে নৌবাহিনীর এক নাবিক, তাঁর স্ত্রী এবং দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই নাবিক আত্মহত্যা করেছেন। প্রাথমিক অনুমান, বিষ খাইয়ে দুই শিশুকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ভারতীয় নৌবাহিনী এই ঘটনাকে মর্মান্তিক বলে জানিয়েছে| তাদের তরফে জানানো হয়েছে, শনিবার কোলাবার নেভি নগরে নিজেদের ঘরে নৌবাহিনীর এক নাবিককে তাঁর পরিবারের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া যায়। নৌবাহিনী এও জানিয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং নৌবাহিনী তদন্তে সব ধরনের সহায়তা করছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ