
সিহোর, ১৬ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসে মধ্যপ্রদেশের সিহোর জেলার কুবেরেশ্বরধামে বাড়ছে পুণ্যার্থীর ভিড়। রবিবারও এক লক্ষের বেশি ভক্ত ধামে পৌঁছে পুজো দেন। সম্ভাব্য আরও বড় ভিড় সামলাতে ১৯ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রুদ্রাক্ষ বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসন।
সিহোরের সীবন নদীর তীর থেকে কুবেরেশ্বরধাম পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার পথজুড়ে এখন শিবভক্তদের আনাগোনা। কাঁধে কাঁবড় নিয়ে খালি পায়ে হেঁটে নদীর জল নিয়ে ধামে পৌঁছে শিবের মাথায় জল ঢালছেন ভক্তরা। নীমচ, দেওয়াস-সহ বিভিন্ন এলাকা থেকেও বহু ভক্ত পদযাত্রা করে ধামে পৌঁছেছেন।
সোমবার বিকেল ৫টায় সীবন নদীর তীর থেকে কুবেরেশ্বরধাম পর্যন্ত বের হবে বিশেষ কাঁবড় যাত্রা। থাকবে ইন্দোরের শ্যাম ব্যান্ড, ভজন-কীর্তনের দল এবং তিনটির বেশি সুসজ্জিত ঝাঁকি। বিপুল সংখ্যক শিবভক্তের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
কাঁবড় যাত্রীদের সুবিধার জন্য সীবন থেকে ধাম পর্যন্ত বিভিন্ন জায়গায় পরিষেবা শিবির করা হয়েছে। সেখানে প্রসাদ, জল ও প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা থাকবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও প্রস্তুতি নিয়েছে।
এদিকে কুবেরেশ্বরধামে আগামী দিনে লক্ষাধিক ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে যানবাহন নিয়ন্ত্রণ, পার্কিং ও চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। কথাবাচক পণ্ডিত প্রদীপ মিশ্র ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, শিবের প্রতি বিশ্বাস কখনও বিফলে যায় না। আস্থা ও বিশ্বাসের সঙ্গে মহাদেবের আরাধনার আহ্বান জানিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য