
আগরতলা, ১৬ আগস্ট (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-র ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রা মথা-র মধ্যে জোটের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই জোট নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে তিপ্রা মথা-র শীর্ষ নেতৃত্বের আলোচনা চলছে বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁর দাবি, আলোচনা থেকে আগামী কয়েক দিনের মধ্যেই একটি ইতিবাচক সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে।
রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, সোমবার অথবা চলতি সপ্তাহের মধ্যেই টিটিএএডিসি-র ভিলেজ কমিটি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন দফতর। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার ঠিক আগে বিজেপি-মথা জোট নিয়ে তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিপ্লব কুমার দেব জানান, সম্প্রতি তিপ্রা মথা-র সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন বিজেপি-র জাতীয় সভাপতি নিতিন নবীন এবং জাতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে বৈঠক করেছেন। জোটের বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তাঁর কথায়, প্রদ্যোৎ কিশোর দেববর্মন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনা থেকে ইতিবাচক সিদ্ধান্ত বেরিয়ে আসবে বলেই তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, এই আলোচনার সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। সোনিয়া গান্ধীর সঙ্গে তিপ্রা মথা-র সুপ্রিমো আলোচনা করেননি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় স্তরে বিজেপি নেতৃত্বের সঙ্গেই মথা নেতৃত্বের আলোচনা হয়েছে এবং সেই আলোচনা এখনও চলছে।
এদিকে সাংবাদিক সম্মেলনে দিল্লিতে রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁর তৎপরতার কথাও তুলে ধরেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানান, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের কাছে তিনি তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন। এর মধ্যে সাব্রুমের দৈত্যেশ্বরী কালী মন্দির, বিলোনিয়ার একটি কালী মন্দির এবং জোলাইবাড়ির একটি কালী বাড়িকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৩০ কোটি টাকা কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক অনুমোদন করেছে।
জিরানিয়ার একটি পর্যটন প্রকল্পের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বিপ্লব কুমার দেব জানান, রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী ১৪০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব তাঁর কাছে দিয়েছিলেন। তিনি সেই প্রকল্পটি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর কাছে পেশ করেছেন। পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা জেলায় একটি টি-ট্যুরিজম প্রকল্পও কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পাওয়ার পথে রয়েছে বলে জানান তিনি।
ঊনকোটির ঐতিহাসিক পর্যটনস্থল নিয়েও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সাংসদ। তাঁর কথায়, ঊনকোটির চারপাশে প্রাচীর নির্মাণ করে পর্যটনস্থলটির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বড় প্রকল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। ঐতিহাসিক এই স্থানের সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে রাজ্যে মাদকবিরোধী অভিযান প্রসঙ্গেও বক্তব্য রাখেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, রাজ্যের প্রতিটি ক্লাবের নিজস্ব কমিটি রয়েছে এবং সংশ্লিষ্ট সমাজে ক্লাবগুলির যথেষ্ট প্রভাব রয়েছে। তাই মাদকাসক্তি ও ড্রাগসের বিরুদ্ধে লড়াইয়ে ক্লাবগুলিকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। সামাজিক সংগঠনগুলির সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মাদকবিরোধী সচেতনতা আরও শক্তিশালী করা সম্ভব বলে মত প্রকাশ করেন তিনি।
এদিকে আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপি ও তিপ্রা মথা-র সম্ভাব্য সমঝোতার বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনের আগে দুই দলের মধ্যে কোনও সমঝোতা হয় কি না, সেই দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মথা নেতৃত্বের চলমান আলোচনা শেষ পর্যন্ত কোন পথে এগোয় এবং ভিলেজ নির্বাচনে তার কী প্রভাব পড়ে, এনিয়ে জোর চর্চা চলছে ত্রিপুরার রাজনৈতিক মহলে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ