
শ্যামপুর, ১৯ আগস্ট (হি.স.):অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তেই স্থানীয় মন্দিরে মানত করা বাতাসা ছড়িয়ে আনন্দ প্রকাশ করলেন মহিলারা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর থানার বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের নড়াইল ৮২ নম্বর বুথ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকার প্রায় শখানেক মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার খবর পান। এরপরই তাঁরা একত্রিত হয়ে স্থানীয় মন্দিরে পৌঁছন। সেখানে কাঁসর বাজিয়ে পুজো দেওয়ার পাশাপাশি মানত করা বাতাসা ছড়িয়ে দেন তাঁরা। টাকা পাওয়ার আনন্দে বেশ কয়েকজন মহিলাকে মন্দির চত্বরে নাচতেও দেখা যায়।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার পর মহিলাদের এই উচ্ছ্বাস ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। একইসঙ্গে প্রকল্পের সঙ্গে ‘বাতাসা’-র প্রসঙ্গও উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ‘গুড়-বাতাসা’ মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চায় রয়েছে। সেই আবহেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার পর মহিলাদের বাতাসা ছড়ানোর ঘটনাও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
স্থানীয় মহিলাদের দাবি, দীর্ঘ প্রতীক্ষার পর প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকায় তাঁরা খুশি। সেই আনন্দেই মন্দিরে পুজো দিয়ে বাতাসা বিলি করেছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়