
মালদা, ২০ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মালদার ইংরেজবাজার পুরসভা চত্বর। বৃহস্পতিবার দুপুরে বকেয়া টাকার দাবিতে পুরসভা ভবনের সামনে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই ইংরেজবাজার পুরসভা ভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন আশপাশের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরে তা বিক্ষোভের রূপ নেয়। বিক্ষোভরত মহিলাদের অভিযোগ, প্রকল্পের সমস্ত প্রয়োজনীয় নথি ও আবেদনপত্র সঠিক সময়ে জমা দেওয়া সত্ত্বেও তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি এমাসে।
বিক্ষোভকারীদের এও দাবি, গত মাসেও তাঁরা আর্থিক সহায়তা পেয়েছিলেন। কিন্তু চলতি মাসে হঠাৎ করেই তাঁদের টাকা আটকে রাখা হয়েছে। কেন বন্ধ হলো, সে বিষয়ে পুরসভা কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনও উত্তর মেলেনি বলেই তাঁদের অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে তড়িঘড়ি ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আধিকারিকরা ক্ষুব্ধ মহিলাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ