
মুম্বই, ২৬ আগস্ট (হি.স.): পুণে রেলওয়ে জংশনে প্রায় ৩.৪১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করে এক ভারতীয় মহিলা যাত্রীকে গ্রেফতার করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। ঘটনার তদন্ত শুরু করেছে ডিআরআই।
বুধবার ডিআরআই সূত্রে জানা গিয়েছে, দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে আসা একটি ট্রেনে মাদকদ্রব্যের চালান নিয়ে এক মহিলা যাত্রী আসছেন বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে পুণে স্টেশনে নজরদারি শুরু করেন ডিআরআই আধিকারিকরা।
মঙ্গলবার দিল্লি থেকে আসা ট্রেনটি পুণে স্টেশনে পৌঁছলে সন্দেহভাজন মহিলার লাগেজে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২,৫৩২ গ্রাম সাদা ও হলুদ রঙের স্ফটিকের মতো পদার্থ উদ্ধার হয়। প্রাথমিকভাবে সেটি অ্যামফেটামিন বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রঙের ৮৭৮ গ্রাম ট্যাবলেট উদ্ধার হয়েছে, যা এমডিএমএ বলে সন্দেহ তদন্তকারীদের।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩.৪১ কোটি টাকা। সমস্ত মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্যের উৎস ও গন্তব্য এবং এই পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত চালাচ্ছে ডিআরআই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য