
হাজারিবাগ, ২৬ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার কটকমসান্ডি থানা এলাকায় পারিবারিক বিবাদের জেরে নিজের ছয় মাসের শিশুপুত্রকে আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত বাবা আকাশ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবারের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর নাম অংশ কুমার। শিশুটির মা নিরালী কুমারী কটকমসান্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, বাড়িতে শাশুড়ির সঙ্গে নিরালীর বিবাদ চলাকালীন তাঁর স্বামী আকাশ কুমার সেখানে আসেন। অভিযোগ, এরপর তিনি ঘরে বিছানায় শুয়ে থাকা শিশুটিকে তুলে বাড়ির পিছনে একটি কুয়োর কাছে নিয়ে যান। সেখানে ঢালাই করা মেঝের উপর শিশুটিকে আছড়ে দেন বলে অভিযোগ।
এর ফলে গুরুতর আহত হয় অংশ। নিরালী তাঁর স্বামীকে দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও তিনি রাজি হননি বলে অভিযোগ। এরপর নিরালী নিজেই আহত শিশুকে হাজারিবাগের শেখ ভিখারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাঁচির রিমসে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রাঁচি পৌঁছনোর আগেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কটকমসান্ডি থানার পুলিশ দ্রুত অভিযুক্ত বাবা আকাশ কুমারকে গ্রেফতার করে। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম প্রকাশ জানিয়েছেন, অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য শেখ ভিখারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য