উদয়পুরে চিতাবাঘের হামলা, জখম তিন গ্রামবাসী
উদয়পুর, ২৬ আগস্ট (হি.স.) : রাজস্থানের উদয়পুরের উমরড়া খেড়া গ্রামে বুধবার সকালে চিতাবাঘের হামলায় গুরুতর জখম হয়েছেন তিন গ্রামবাসী। বেশ কয়েক দিন ধরেই গ্রামের আশপাশে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা নাগাদ চিতাব
উদয়পুরে চিতাবাঘের হামলা, জখম তিন গ্রামবাসী


উদয়পুর, ২৬ আগস্ট (হি.স.) : রাজস্থানের উদয়পুরের উমরড়া খেড়া গ্রামে বুধবার সকালে চিতাবাঘের হামলায় গুরুতর জখম হয়েছেন তিন গ্রামবাসী। বেশ কয়েক দিন ধরেই গ্রামের আশপাশে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল।

জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা নাগাদ চিতাবাঘটি আচমকা জগ্গা (৬০), রিতেশ (২০) ও কালু (৪০)-র ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় চার-পাঁচ মিনিট ধরে চিতাবাঘটি তাঁদের ওপর বারবার থাবা মারে। হামলায় জগ্গার মাথা ও চোখের কাছে গুরুতর চোট লাগে। পাহাড়ি এলাকায় গাড়ি পৌঁছতে না পারায় আহত তিনজনকে খাটে শুইয়ে নিচের রাস্তা পর্যন্ত নিয়ে আসেন গ্রামবাসীরা। এরপর তাঁদের কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদয়পুরের মহারানা ভূপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যাতেও একই গ্রামে লোগর লাল মীণা (৪৫) নামে এক গ্রামবাসীর ওপর চিতাবাঘ হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আশপাশের গ্রামগুলিতে পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই। সবচেয়ে কাছের বেসরকারি হাসপাতালটিও প্রায় ৫ কিলোমিটার দূরে।

ঘটনার খবর পেয়ে গিরওয়া তহসিলদার গণেশ কুমার বিজয়বর্গীয় এবং পাটোয়ারি মহেন্দ্র সিং চৌহান হাসপাতালে পৌঁছে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার পাশাপাশি চিতাবাঘের গতিবিধির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande