
আগরতলা, ২৬ আগস্ট (হি.স.) : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ধৃতের বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আমতলি থানার পুলিশ শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আমতলি থানার পুলিশের সঙ্গে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং সিআরপিএফ-এর ১২৪ নম্বর ব্যাটালিয়নের ‘এ’ কোম্পানির জওয়ানরাও অংশ নেন। যৌথ বাহিনী ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম ব্রাউন সুগার, ১০০টি ইয়াবা ট্যাবলেট এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের অভিযোগও তাঁর বিরুদ্ধে ছিল। সেই কারণে তাঁকে পুলিশের নজরে থাকা ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক কারবারি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য ১০ লক্ষ টাকা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক কারবারের এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, কোথা থেকে মাদক সংগ্রহ করা হত এবং কোথায় তা সরবরাহ করা হতো—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আমতলি থানার পুলিশ।
এদিকে, গ্রেফতার ব্যক্তিকে বুধবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। মাদক সরবরাহের নেটওয়ার্কের মূল উৎস পর্যন্ত পৌঁছাতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশের এই অভিযানে একদিকে যেমন বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তেমনই মাদক কারবারের বিরুদ্ধে চলমান অভিযানে এটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ