বহিরাগতদের হামলার জেরে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস খালি করার নির্দেশ
উত্তর ২৪ পরগনা, ২৭ আগস্ট (হি স)। ক্যাম্পাসে ছাত্রাবাসের আবাসিকদের উপর বহিরাগতদের হামলার জেরে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে খালি করার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই আবাসিক ছাত্ররা এ ভাবে ছাত্রাবাস ছাড়তে হ
বহিরাগতদের হামলার জেরে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস খালি করার নির্দেশ


উত্তর ২৪ পরগনা, ২৭ আগস্ট (হি স)। ক্যাম্পাসে ছাত্রাবাসের আবাসিকদের উপর বহিরাগতদের হামলার জেরে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে খালি করার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই আবাসিক ছাত্ররা এ ভাবে

ছাত্রাবাস ছাড়তে হওয়ায় তার প্রভাব ক্লাসে উপস্থিতি ও পঠনপাঠনে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

অভিযোগ, টিএমসিপি ও এবিভিপি সদস্যদের হাতাহাতির মুহূর্ত ধরা পড়েছে সিসি ক্যামেরার ছবিতে। উপাচার্য দেবব্রত মিত্র বলছেন, ‘হস্টেলের নিরাপত্তা ব্যবস্থায় খামতি আছে। তার জন্য আপাতত কিছু দিনের জন্য হস্টেল বন্ধের নোটিস দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সময় মতো হস্টেল আবার চালু করা হবে।’

রেজিস্ট্রারের বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, মঙ্গলবার সন্ধে পৌনে ৬টায় বয়েজ হস্টেলে অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে হস্টেল ফাঁকা করে দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বয়েজ হস্টেলে ৪১ জন নিরাপত্তারক্ষী রয়েছেন। সেখানে আবাসিক ছাত্রের সংখ্যা ৩১। এত জন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও একদল বহিরাগত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে কী ভাবে বয়েজ হস্টেলে ভাঙচুর চালাল, কী ভাবেই বা দু’পক্ষের মধ্যে মারপিট ও ব্লেড চলল, সে সব প্রশ্ন তুলতে শুরু করেছেন পড়ুয়া, শিক্ষক ও গবেষকরা।

উপাচার্যও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কী ভাবে ক্যাম্পাসের ভিতরে বহিরাগতরা ঢুকে পড়ল, সেটা আমারও প্রশ্ন। আমরা বিশিষ্ট কাউকে দিয়ে গোটা ঘটনার তদন্ত করাব।’ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আধিকারিকদের একটা বড় অংশের দাবি, শিক্ষাবর্ষের শুরুতে আচমকাই হস্টেল ফাঁকা করে দেওয়ায় পড়ুয়ারা খুবই অসুবিধেয় পড়বেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande