
হুগলি, ২৮ আগস্ট (হি.স.): শুক্রবার সকালে হুগলির ধনেখালির একটি বাড়ি থেকে উদ্ধার হলো একই পরিবারের তিন সদস্যের দেহ। এ দিন এক দম্পতি ও তাঁদের একমাত্র মেয়ের দেহ উদ্ধার হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শুক্রবার সকাল থেকেই মৃতদের বাড়ির সামনে ভিড় জমান বহু গ্রামবাসী। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁরা তিনজনই একসঙ্গে আত্মহত্যা করেছেন। তবে ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ দিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারটি গত কয়েক মাস ধরে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছিলেন। মাত্র দু’মাস আগে তাঁরা আবার ধনেখালিতে তাঁদের বাড়িতে ফিরে আসেন। মৃত্যুর নেপথ্যে কোনও পারিবারিক অশান্তি, আর্থিক বা অন্য কোনও মানসিক চাপ ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে, এই পরিবারের এমন পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ