
রায়পুর, ২৮ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার প্রক্রিয়া শুরু হওয়ার মধ্যেই এর তীব্র বিরোধিতা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি দীপক বেইজ। শুক্রবার তিনি অভিযোগ করেন, ইউসিসি আদিবাসীদের স্বার্থ ও অধিকার ক্ষুণ্ণ করবে। একইসঙ্গে রাজ্যে বিদ্যুৎ বণ্টনে বেসরকারি অংশীদারিত্বের সম্ভাবনা নিয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।
ছত্তিশগড়ে ইউসিসি কার্যকর করার জন্য ইতিমধ্যেই উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কমিটি রাজধানীতে সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সমাজপ্রধানদের সঙ্গে বৈঠকও করেছে। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আদিবাসী সম্প্রদায়কে ইউসিসি-র আওতার বাইরে রাখা হবে।
দীপক বেইজ বলেন, কংগ্রেস ইউসিসি-র বিরোধিতা করে এবং এটি আদিবাসীদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তাঁর অভিযোগ, এর ফলে আদিবাসীদের স্বার্থ ও সাংবিধানিক অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে ছত্তিশগড়ে বিদ্যুৎ বণ্টনে বেসরকারি অংশীদারিত্বের সম্ভাবনা নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন বেইজ। তাঁর দাবি, একটি বেসরকারি সংস্থা রাজধানী এলাকায় বিদ্যুৎ বণ্টনের জন্য লাইসেন্স চেয়েছে। তাঁর অভিযোগ, সরকার বেসরকারি সংস্থাকে লাইসেন্স দিয়ে বিদ্যুৎ পরিষেবায় সাধারণ গ্রাহকদের কাছ থেকে বেশি টাকা আদায়ের সুযোগ করে দিতে চাইছে।
বেইজ বলেন, বিদ্যুৎ বণ্টনে বেসরকারি অংশীদারিত্বের বিরুদ্ধে কংগ্রেস সব স্তরে প্রতিবাদ করবে। তাঁর দাবি, টাটা সংস্থা রাজধানী এলাকায় বিদ্যুৎ বণ্টনের জন্য লাইসেন্সের অনুমতি চেয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য