
কলকাতা, ২৮ আগস্ট (হি. স.): শিয়ালদহ ডিভিশনে রেলপথ রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত আধুনিকীকরণের লক্ষ্যে একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য আগামী ২৯ ও ৩০ আগস্টের মধ্যবর্তী রাতে শিয়ালদহ স্টেশনে টানা ৭ ঘণ্টা (৪২০ মিনিট) ট্রাফিক ব্লক বহাল থাকবে। আগামী ৩০ আগস্ট ২০২৬ (রবিবার) রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই মেগা ট্রাফিক ব্লক কার্যকর থাকবে।
রেল সূত্রে জানা গিয়েছে, এই সময়কালে শিয়ালদহ স্টেশনের ডাউন মেন লাইনের ০/১৯ থেকে ০/২০ কিলোমিটারের মধ্যবর্তী স্থানে ২০৮বি/২১৯এ নম্বর পয়েন্টটি পুরোপুরি পরিবর্তন করা হবে। বিদ্যমান ৫২ কেজি ধারণক্ষমতার ট্র্যাক পাল্টে সেখানে বসানো হবে অত্যাধুনিক ৬০ কেজির ট্র্যাক। একই সঙ্গে ফিটিং, ক্রসিং, সংশ্লিষ্ট কানেক্টর এবং বৈদ্যুতিক তার বা জাম্পারের সংযোগ পুনঃস্থাপনের মতো স্পর্শকাতর কাজগুলি সম্পন্ন করা হবে। সপ্তাহের শেষে গভীর রাত ও ভোরের সময়টিকে বেছে নেওয়া হয়েছে, যাতে সাধারণ রেলযাত্রীদের ভোগান্তি যথাসম্ভব কম হয়।
পরিকাঠামো সংক্রান্ত এই কাজের জেরে আগামী ৩০ আগস্ট ২০২৬ (রবিবার) শিয়ালদহ শাখায় বেশ কিছু শহরতলি ইএমইউ লোকাল ট্রেন বাতিল রাখা হয়েছে:
শিয়ালদহ – হাবড়া: ৩৩৬৫১ আপ / ৩৩৬৫২ ডাউন এবং ৩৩৬৫৩ আপ / ৩৩৬৫৪ ডাউন
শিয়ালদহ – কল্যাণী সীমান্ত: ৩১৩১৩ আপ / ৩১৩১৬ ডাউন
শিয়ালদহ – ডানকুনি: ৩২২১৭ আপ / ৩২২১৮ ডাউন
শিয়ালদহ – রানাঘাট: ৩১৬১৫ আপ / ৩১৬২০ ডাউন
সংক্ষিপ্ত রুটে ট্রেন চলাচল:
এছাড়া লালগোলা থেকে ছেড়ে আসা ৫৩১৭২ ডাউন (লালগোলা–শিয়ালদহ) প্যাসেঞ্জার ট্রেনটির যাত্রা শিয়ালদহ পর্যন্ত না নিয়ে গিয়ে ৩০ আগস্ট দমদম জংশন স্টেশনেই সংক্ষিপ্ত করা হবে। পরবর্তীতে ট্রেনটির খালি রেক প্রয়োজনীয় নিয়ম মেনে শিয়ালদহে আনা হবে।
ব্লক চলাকালীন রেলের ৬ ও ১১ নম্বর লাইনের সিগন্যালিং ব্যবস্থায় সাময়িক রুট পরিবর্তন ও প্রভাব পড়বে। সমগ্র কাজটি নিরাপদে ও নির্ধারিত সময়ে শেষ করতে শিয়ালদহ ডিভিশনের ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকম এবং পরিচালন সংক্রান্ত একাধিক টিম স্টেশনে উপস্থিত থাকবে।
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাকসেনা জানিয়েছেন, সাময়িক এই পরিবর্তনের কথা যাত্রীদের জানাতে স্টেশনজুড়ে অনবরত মাইকিং এবং ডিসপ্লে বোর্ডে তথ্য প্রদর্শনের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে রেলের যাত্রী সুরক্ষা ও পরিষেবার মান বাড়াতেই এই পরিকল্পিত ট্রাফিক ব্লক। ৩০ আগস্ট ভ্রমণের পূর্বে যাত্রীদের ট্রেনের রানিং স্ট্যাটাস দেখে নেওয়ার জন্য অনুরোধ করেছে পূর্ব রেল।
হিন্দুস্থান সমাচার / সোনালি