
বাসন্তী, ৩১ আগস্ট (হি. স.): ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা গড়াল সংঘর্ষে। ঘটনায় দুই পক্ষের অন্তত ছ’জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর হওয়ায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তীর ২ নম্বর ভরতগড় গ্রামে।
সোমবার স্থানীয় সূত্রের জানা গেছে , ফুটবল খেলার মাঠে গণ্ডগোলকে কেন্দ্র করে মনিরুল শেখ ও তাঁর অনুগামীদের সঙ্গে ইউসুফ শেখের পরিবারের সদস্যদের বিবাদ বাধে। অভিযোগ, ওই গণ্ডগোলের জেরে ইউসুফ শেখের ছেলে রহমতুল্লা শেখকে মারধর করা হয়। এরপরই দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।
ঘটনায় উভয় পক্ষের মোট ছ’জন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পর গুরুতর আহত দু’জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি শুরু করেছে।
বাসন্তী থানার পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল পর্যন্ত এই ঘটনায় কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা