ভূগর্ভে বিপুল জল, নিউহারাঙ্গাজাওয়ে রেলপথ নিয়ে নতুন আশঙ্কা ১ ও ২ নম্বর লাইন পুনর্গঠনে বিকল্প সেতুর ভাবনা, ছয় মাসের মেগাব্লকের সম্ভাবনা
হাফলং (অসম), ৩১ আগস্ট (হি.স.): উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পাহাড়ি রেলপথ কি এ বার দীর্ঘস্থায়ী সঙ্কটের মুখে? নিউহারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন লামডিং বদরপুর পাহাড় লাইনের ১১৮/১-৩ কিলোমিটার অংশে ভূগর্ভে বিপুল পরিমাণ জল থাকার বিষয়টি সামনে আসায়
Rail 2


Rail 2


হাফলং (অসম), ৩১ আগস্ট (হি.স.): উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পাহাড়ি রেলপথ কি এ বার দীর্ঘস্থায়ী সঙ্কটের মুখে? নিউহারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন লামডিং বদরপুর পাহাড় লাইনের ১১৮/১-৩ কিলোমিটার অংশে ভূগর্ভে বিপুল পরিমাণ জল থাকার বিষয়টি সামনে আসায় রেল কর্তৃপক্ষের উদ্বেগ আরও বেড়েছে। ক্ষতিগ্রস্ত ১ ও ২ নম্বর লাইনকে ফের ট্রেন চলাচলের উপযোগী করে তুলতে জটিল ভূপ্রকৃতির কারণে বিকল্প সেতু নির্মাণের কথাও ভাবা হচ্ছে বলে রেল সূত্রের খবর। ফলে ওই অংশে দীর্ঘ সময়ের জন্য মেগাব্লক নেওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, নিউহারাঙ্গাজাও স্টেশনের কাছে ১১৮/১-৩ কিলোমিটার অংশে মাটির নীচে জল জমে থাকায় রেললাইনের মাটি ও ভিতের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই ১ ও ২ নম্বর লাইনের ক্ষতিগ্রস্ত অংশে পুনর্গঠনের কাজ চলছে। কিন্তু ভূগর্ভস্থ জলের উপস্থিতি এবং পাহাড়ি এলাকার জটিল ভূতাত্ত্বিক পরিস্থিতির কারণে স্বাভাবিক পদ্ধতিতে কাজ শেষ করা কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দুই লাইনকে নিরাপদ ও স্থায়ী ভাবে পুনর্গঠনের জন্য বিকল্প সেতু তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অংশে দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতে হতে পারে। রেল মহলে তাই প্রায় ছয় মাসের মেগাব্লকের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তবে যাত্রী পরিষেবা পুরোপুরি বন্ধ না রেখে ৩ নম্বর লাইন দিয়ে সীমিত পরিসরে দূরপাল্লার ট্রেন চালু রাখার পরিকল্পনাও রয়েছে বলে রেলের একটি সূত্র জানিয়েছে। মেরামতির অগ্রগতি, নিরাপত্তা পরিস্থিতি এবং বিকল্প পরিকাঠামো তৈরির উপর নির্ভর করেই শেষ পর্যন্ত মেগাব্লকের সময়সীমা ও ট্রেন চলাচলের রূপরেখা চূড়ান্ত করা হবে।

এ দিকে, দুর্গম পাহাড়ি জঙ্গলের মধ্যে রেলপথ পুনর্গঠনের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। শতাধিক শ্রমিক ও রেলকর্মী দিনরাত কাজ করে চলেছেন। মাটি পরীক্ষা, জল নিষ্কাশন, পাইলিং এবং রেলপথের ভিত শক্ত করার মতো একাধিক কাজ একই সঙ্গে চালানো হচ্ছে। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতির মধ্যেও কাজ যাতে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে দিকে বিশেষ নজর রাখা হয়েছে।

এই কঠিন পরিস্থিতিতে কাজের নজরদারিতে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন নিউহাফলংয়ের মহিলা রেল আধিকারিক এডিইএন-টু গোয়েন রিভা রেল সূত্রের খবর, দিন-রাতের তোয়াক্কা না করে তিনি হারাঙ্গাজাও এলাকার মেরামতি কাজ সরেজমিনে তদারকি করছেন। শ্রমিক ও প্রযুক্তিবিদদের সঙ্গে সমন্বয় রেখে কাজের অগ্রগতি পর্যালোচনা করছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন।

উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রেল যোগাযোগের ক্ষেত্রে বদরপুর পাহাড় লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে নিউহারাঙ্গাজাও সংলগ্ন এই অংশে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী ট্রেন পরিষেবা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এখন রেলের মূল লক্ষ্য—ভূগর্ভস্থ জলের সমস্যা মোকাবিলা করে ক্ষতিগ্রস্ত ১ ও ২ নম্বর লাইনকে নিরাপদ ভাবে পুনরায় চালু করা। আর সেই লক্ষ্য পূরণে বিকল্প সেতু নির্মাণের পরিকল্পনা কতটা কার্যকর হয়, তার উপরই নির্ভর করছে পাহাড়ি এই রেলপথের ভবিষ্যৎ স্বাভাবিকতা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande