
কলকাতা, ৬ আগস্ট (হি. স.) : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসানসোলে প্রথম মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা ইএসআই হাসপাতাল, আসানসোলকে উন্নীত করে ইএসআইসি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ও কর্মচারী রাজ্য বিমা নিগমের মধ্যে বহু প্রতীক্ষিত সমঝোতা স্মারক অবশেষে স্বাক্ষরিত হয়েছে। নতুন রাজ্য সরকারের আমলে, ২০২৬ সালের ১৪ জুলাই এই চুক্তি সম্পন্ন হয়।
এর পাশাপাশি, জাতীয় চিকিৎসা কমিশনের কাছে ৫০টি এমবিবিএস আসনের অনুমোদনের জন্য আবেদনও জমা পড়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই ছাত্রভর্তি শুরু করার প্রস্তাব রয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইএসআই প্রকল্পের আওতাভুক্ত হাজার হাজার বিমাকৃত শ্রমিক এবং তাঁদের পরিবারের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি, এই অঞ্চলে চিকিৎসক তৈরির পরিকাঠামোও উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই বিষয়টি এদিন, ৬ আগস্ট ২০২৬ রাজ্যসভায় ঘোষণা করা হয়েছে। বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্যের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্ন নং ২১৮২-এর লিখিত উত্তরে এদিন তা বিশদে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত