
কলকাতা, ৫ আগস্ট (হি.স.): এখনও রাষ্ট্রপতির সম্মতি না পাওয়ায় বিল আইনসিদ্ধ সয়নি। এই যুক্তিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রত্যাহার করে নেওয়া হল গুন্ডা দমন আইনের দুটি মামলা।
এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর এদিন সামাজিক মাধ্যমে এ কথা জানিয়ে লিখেছেন, “আজ কলকাতা হাইকোর্টে তথাকথিত গুন্ডা দমন আইনের বিরুদ্ধে দুটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। একটি মামলা APDR এর। আরেকটি আইনজীবীদের একটি সংগঠনের।
আদালতে রাজ্য সরকারের তরফে উপস্থিত আইনজীবীরা আদালতকে জানিয়ে দেন,ঐ আইনে এখনও রাষ্ট্রপতির সম্মতি পাওয়া যায়নি। রাষ্ট্রপতির সম্মতি না পাওয়ায় বিধান সভায় পাশ হলেও গুন্ডা দমন আইন এখনও আইন হয়নি। গেজেট নোটিফিকেশনও স্বাভাবিক কারণেই হয়নি।
বিচারপতিরা জানিয়ে দেন, যে আইন এখনও আইন হয়নি তার বিরুদ্ধে তো আর শুনানি হতে পারেনা। ফলে এই মামলা চলতে পারে না। ভবিষ্যতে যদি রাষ্ট্রপতি সম্মতি দেন এবং আইন হয় তখন মামলাকারীদের ফের মামলা করার স্বাধীনতা থাকবে - এই নির্দেশ দিয়ে মামলা শেষ হয়।
মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া হয়। রাষ্ট্রপতির সম্মতি না পাওয়ার বিষয়টিও বিচারপতিরা অর্ডারে নথিভুক্ত করে দিয়েছেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত