
নয়ডা, ৬ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডার জেওর থানার জাহাঙ্গীরপুর এলাকায় জমি কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি পথ দিয়ে যাওয়া এক ১৬ বছর বয়সি কিশোরের গায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, আমির খান নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন যে তিনি শের মহম্মদের কাছ থেকে একটি প্লট কিনেছিলেন এবং ধাপে ধাপে সম্পূর্ণ মূল্য পরিশোধ করেছিলেন। পরে শের মহম্মদের ভাই ভুরি তাঁর কাছে ফের টাকা দাবি করেন। আমির খান জানান, তিনি ওই টাকা ইতিমধ্যেই শের মহম্মদকে দিয়ে দিয়েছেন বলে জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ, বুধবার রাতে ভুরি আমির খানকে খুনের উদ্দেশ্যে গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া ১৬ বছর বয়সি কিশোরের গায়ে লাগে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর আমির খানের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাকে গ্রেফতারের জন্য একাধিক পুলিশ দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস