
কলকাতা ৭ আগস্ট (হি. স.) :
অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শ্যেন ওয়াটসনের বই থেকে মানসিক দৃঢ়তার পাঠ নিয়েই এ বার এশিয়ান গেমসে নামছেন ভারতের কম্পাউন্ড তিরন্দাজ সাহিল যাদব। কলকাতার সাই-এর ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলনরত ২৫ বছরের মহারাষ্ট্রের এই তিরন্দাজ শুক্রবার জানিয়েছেন যে, গত এক মাস ধরে ওয়াটসনের দ্য উইনার্স মাইন্ডসেট পড়েছেন। উদ্দেশ্য ছিল - মোবাইলে সময় নষ্ট কমানো, কিন্তু বইটি তাঁকে প্রতিযোগিতার চাপ সামলানো ও মনোসংযোগ ধরে রাখার গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।
প্রসঙ্গত,১৯ বছর বয়সে তিরন্দাজী শুরু করা সাহিলের সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। প্রথম জাতীয় পদক জিততে অপেক্ষা করতে হয়েছে টানা সাত বছর। সেই কঠিন সময়ে পরিবারের ত্যাগ ও সমর্থনই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে। ২০২৪ সালে সিনিয়র জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৫ বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে ব্যক্তিগত সোনা এবং দলগত ইভেন্টে রুপো জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচয় তৈরি করেন। চলতি বছরে সাংহাইয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্যায়ে ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে ব্রোঞ্জ জিতে সে কেরিয়ারের অন্যতম বড় সাফল্য অর্জন করেছে।
এশিয়ান গেমসকে সামনে রেখে সাহিলের মতে, ভারতের তিরন্দাজদের দক্ষতার অভাব নেই, কিন্তু চাপের মুহূর্তে সামান্য ভুলই বড় পদক হাতছাড়া করছে। তাঁর কথায়, ‘‘ভারতীয় দলে সুযোগ পাওয়া বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা। তাই আমরা সেরাদের হারানোর ক্ষমতা রাখি। শুধু চাপের মুহূর্তে ছোট ভুল এড়াতে পারলেই বড় সাফল্য আসবে।’’ কলকাতার সাই কেন্দ্রে অনুশীলনের সুযোগ এবং পরিকাঠামোর প্রশংসাও করেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত