
কলকাতা, ৭ আগস্ট (হি. স.) :
বাংলার পুরুষ দলের ২০২৬-২৭ মরসুমের প্রাক্-মরসুম প্রস্তুতির সূচি চূড়ান্ত করা হল। উল্লেখ্য, আসন্ন ২০২৬-২৭ মরসুমকে সামনে রেখে বাংলার বিভিন্ন বয়সভিত্তিক পুরুষ দলের প্রাক্-মরসুম প্রস্তুতির সূচি ঘোষণা করা হয়েছে। সিনিয়র দল ৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পন্ডিচেরিতে বহুদিনের (মাল্টি-ডে) অনুশীলন প্রতিযোগিতায় অংশ নেবে। এই প্রতিযোগিতা ‘ক্যাপ’ (CAP) নামে আয়োজিত হবে এবং মরসুমের আগে ক্রিকেটারদের প্রস্তুতি যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত করা হচ্ছে।
অনূর্ধ্ব-২৩ দলকে দুটি পৃথক অনুশীলন প্রতিযোগিতায় খেলতে হবে। প্রথমটি পন্ডিচেরিতে ২০ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে মাল্টি-ডে ও টি-২০ - দুই ধরনের ম্যাচই থাকবে। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত হায়দরাবাদে অনুষ্ঠিত দ্বিতীয় মাল্টি-ডে ও টি-২০ অনুশীলন প্রতিযোগিতা হবে ।
অনূর্ধ্ব-১৯ দল ৯ থেকে ১৮ সেপ্টেম্বর হায়দরাবাদে একদিনের (ওয়ান-ডে) অনুশীলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
অন্যদিকে, অনূর্ধ্ব-১৬ দলের ক্রিকেটাররা ১৫ থেকে ২৯ অক্টোবর আহমেদাবাদে রিলায়েন্স জি-১ (Reliance G1) মাল্টি-ডে প্রতিযোগিতায় খেলবে। নতুন মরসুমের আগে এই সূচিকে ঘিরে বাংলার ক্রিকেট মহলে প্রস্তুতির ব্যস্ততা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত