
কলকাতা, ৭ আগস্ট (হি. স.) : বিশেষ করে জ্যাভলিন ডে প্রতিযোগিতায় নজর কাড়ল নদিয়া জেলা। উজ্জ্বল ছবি ও ধরা পড়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার সাই স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হল পঞ্চম জ্যাভলিন ডে প্রতিযোগিতা ২০২৬। শুক্রবার বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে রাজ্যের জেলা ও ক্লাব প্রতিযোগীদের মধ্যে অংশগ্রহণে জমে ইডেন গার্ডেন্সে ওই প্রতিযোগিতা।
প্রসঙ্গত, সবচেয়ে সফল জেলা হিসেবে বিবেচিত নদিয়া জেলা ক্রীড়া সংস্থা। তাদের ঝুলিতে আসে তিনটি সোনা, দু’টি রুপো এবং দু’টি ব্রোঞ্জ। অনূর্ধ্ব-২০ ছেলেদের বিভাগে নাড়ু গোপাল বিশ্বাস (৫৪.৭৪ মিটার) ও তন্ময় বৈদ্য (৫০.৫০ মিটার) প্রথম ও দ্বিতীয় হয়েছে। অনূর্ধ্ব-১৬ ছেলেদের বিভাগে সোনা জয়ী অনির্বাণ দাস (৪৮.৩৬ মিটার)। একই বয়সের মেয়েদের বিভাগে ২৯.১১ মিটার ছু়ঁড়ে শিরোপা জিতল বিউটি ঘোষ।
যদিও ক্লাব বিভাগে নজর কেড়েছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। সিনিয়র পুরুষদের বিভাগে ৬৪.৯১ মিটার ছুঁড়ে সোনা জয়ী শুভেন্দু মণ্ডল, যা প্রতিযোগিতার সেরা পারফরম্যান্স। ইস্টবেঙ্গলের দেবাশিস অধিকারী সিনিয়র বিভাগে ব্রোঞ্জ এবং সোনালি দাস অনূর্ধ্ব-২০ মেয়েদের বিভাগে রুপো জেতেন। সিনিয়র মহিলাদের বিভাগে ২৮.৭৬ মিটার ছুড়ে চ্যাম্পিয়ন হন পায়োনিয়র স্পোর্টিং অ্যাসোসিয়েশনের কোয়েল ঘোষ। প্রতিযোগিতায় হুগলি, বালি প্রতিভা ক্লাব-সহ একাধিক জেলা ও ক্লাবের অ্যাথলিটদের সাফল্য রাজ্যে জ্যাভলিনের ক্রমোন্নতিরই ইঙ্গিত দিল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত